ফাজেল মাহমুদ তালুকদারের লোকছড়া

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৭
আজ থেকে প্রায় দেড়শ বছর আগে রচিত লোক কবি ফাজেল মাহমুদ তালুকদারের লোকছড়া আজো মানুষের মুখে মুখে, তাঁর লোকছড়া খনার বচনের মতো লোকসমাজে সমাদৃত। এই কবির জন্ম ১৮৩৫ খৃষ্টাব্দে জামালপুরে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে । তাঁর পিতা বাজিতউল্লাহ ছিল একজন কৃষক । কৃষকের ঘরে জন্ম নেয়া এই প্রতিভাবান কবি ছোটকাল থেকেই বাবার সংসারের কাজ করার পাশাপাশি নিজের প্রচেষ্টায় পাশের গ্রামের ননী আকন্দের কাছে কোরআন শরীফ শিক্ষা নেন। পরে গাবের গ্রামের শুকুর মামুদ এর কাছে বাংলা বর্ণমালা শেখা শুরু করেন। এসময় তিনি বাংলা বর্ণমালার পর শুভংকরী অংক শাস্ত্র শিখে নেন। তিনি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি। কারণ অত্র এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। মাত্র ১৫ বছর বয়স থেকে পিতার কৃষিকাজ ছেড়ে ব্যবসা শুরু করেন। কয়েক বছরেই তিনি এলাকায় একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এবং এই এলাকায় প্রথম তালুকদারী ক্রয় করে তালুকদার উপাধি লাভ করেন। তার লেখা একটি ছড়া পুস্তকে লিখিত বিদ্যা মুখে নাহি আসে। ধন আছে বটে কিন্তু আছি পরবাসে। ভবিষ্যতে কোন কার্য্য হলে উপস্থিত। সে ধনে নাহি করে বিদ্যায় করে হিত ।