পুঁজিবাজারে তালিকাভুক্ত আর এন স্পিনিং মিলের লভ্যাংশ প্রদানে আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। এতে কোম্পানিটিতে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বিনিয়োগকারীদের। যা গোটা বস্ত্র খাতের লেনদেনেই প্রভাব ফেলেছে। ফলে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন হয়েছে বস্ত্র খাত ঘিরে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের কোম্পানিগুলোর লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা। যা মোট লেনদেনের ২৫ শতাংশেরও বেশি। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যালস খাত। এ খাতে লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকার উপরে। এদিকে দাম বাড়ার ক্ষেত্রেও ছিল এগিয়ে বস্ত্র খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম আগের দিনের তুলনায় প্রায় ৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বৈদেশিক কূটনীতিকদের কাছ থেকে সংলাপের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি সামাল দেয়ার আহবানে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এতে বিনিয়োগ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এদিকে স্ক্রিপ্টভিত্তিক বিনিয়োগ প্রবণতা গতকালও বিদ্যমান ছিল। এদিন বাজারে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানির মধ্যে ৫৩টি কোম্পানির দর ৪ শতাংশের বেশি ওঠানামা করেছে। তবে দর ওঠানামার ক্ষেত্রে ক্ষুদ্র ও স্বল্প মুলধনী কোম্পানিগুলো বেশি অবদান রেখেছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ১৪ লাখ ৪৪ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি ৪৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
