হারিয়ে যাবো
সাজ্জাদ হুসাইন
মাটির সাথে পা রেখেছি শেষ হবে নেই মনে
ভাবতে গেলেই চমকে উঠি হঠাত্ ক্ষণে ক্ষণে।
শিশির ভেজা মাঠের ওপর কাঁচা সবুজ ঘাসে
একটি ছেলে সাত সকালে হাঁটতো, মনে আসে।
বিষ্টি ধোয়া বর্ষাদিনে কাদার মাখামাখি
পড়লে মনে নিজেকে আর কোথায় বেঁধে রাখি?
হাঁটু সমান জল আর কাদায় সে কী ছোটাছুটি
খেলতো সাথে বানে ভাসা টেংরা, কৈ আর পুটি।
খালি পায়ে আম কুড়ানো দস্যি হাওয়ায় ভেসে
ডাক দিতো ওই কাল বোশেখী বাড়ির দাওয়ায় এসে।
কার আগে কে আম কুড়োবে তাই নিয়ে বেশ তাড়া
আছড়ে পড়ে হৈ হুল্লোড় জাগিয়ে সারা পাড়া।
মনে আছে ফুলের বনে হাজার ফুলের মেলা
হাঁটতে গ্যালেই বলতো ওরা- ‘নয় যেও ওই বেলা’।
পা বাড়ালেই অমনি সবাই হুড়মুড়িয়ে এসে—
লুটিয়ে পড়ে আগলে ও পথ হাসতো ভালোবেসে।
আবার আমি এই পা দুটোয় মাটির গন্ধ মেখে
হারিয়ে যাবো দূর বহুদূর, সঙ্গে যাবে কে কে?
==
রায়নার বায়না
অতনু তিয়াস
ছোটমণি রায়না—
দুই তিন দিন ধরে ঠিকমতো খায় না
চার দিন হয়ে গেলো ইস্কুলে যায় না
বাবা-মা ডাক দিলে কোনো সাড়া পায় না
গোঁ ধরে সে বসে আছে কারো দিকে চায় না
গতকাল রাগ করে ভেঙে দিলো আয়না
সামান্য দাবি তার বেশিকিছু চায় না।
বাবা-মা’র কছে তবু কোনো সায় পায় না।
রায়নার বায়না—
কিনে দাও মুঠোফোন মেড ইন চায়না।
===
দেশ
জাহাঙ্গীর ডালিম
দেশটি আমার মায়ের মত শান্তি যে তার বুকে
দেশটি আমার বুবুর মত পদ্য যে তার মুখে।
দেশটি আমার দাদুর মত সুয্যি যেন হাসে
দেশটি আমার পিতার মতো শিশির পড়া ঘাসে।
