ঈশ্বরদীর পদ্মা পাড়ের সাঁড়া ইউনিয়নের নদী ভাঙ্গন প্রতিরোধে অচিরেই শুরু হচ্ছে বহু প্রত্যাশিত বাঁধ নির্মাণের কাজ। বাঁধ নির্মাণের খবর শুনে আড়মবাড়িয়ায় মানুষের মধ্যে আনন্দ উত্সব বিরাজ করছে।
গত তিন বছরে ভয়াবহ ভাঙ্গনে সাঁড়া ইউনিয়নের কোমরপুর, আড়মবাড়িয়া, শেখের চক, গোপালপুর, মাজদিয়া, ছোট পাড়া, বড় পাড়া, সাঁড়া, পালিদহসহ ২০টি গ্রামের কাঁচা-পাকা বসতবাড়ি, স্কুল, মসজিদ, মন্দির, ব্রিজ, কালভাট, ব্যবসা প্রতিষ্ঠান, কুটির শিল্প, বরফকল, ফসলি জমিসহ ১০ কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফের জাতীয় সংসদে প্রস্তাবের প্রেক্ষিতে বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্প একনেক-এর সভায় ২৫৬ কোটি টাকা অনুমোদন হয়েছে বলে জানা যায়। সংসদ সদস্য শামসুর রহমান শরীফ জানান, ২০১৩-১৪ অর্থ বছরে বাঁধ নির্মাণের জন্য ৫’শ মিটার করে তিন গ্রুপে ৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ কাজের টেন্ডারও ইতিমধ্যে দাখিল হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে কাজ শুরু হবে। এলাকার চেয়ারম্যান জার্জিস হোসেন বলেন, নদী ভাঙ্গনে অনেক মানুষ নিঃস্ব হয়েছে। এ বাঁধ নির্মাণ হলে শুধু নদী তীরবর্তী এলাকা নয় আড়ামবাড়িয়া বাজার, বিমান বন্দর ও ঈশ্বরদী শহর ঝুঁকিমুক্ত হবে।
