মোরেলগঞ্জ-শরণখোলা সড়ক খানা-খন্দে ভরা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
সুন্দরবন সংলগ্ন দেশের দক্ষিণ সীমান্তবর্তী উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা ও বাগেরহাট সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। মোরেলগঞ্জে ছোলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১৮ কিঃমিঃ ও মোরেলগঞ্জ-শরণখোলার মধ্যকার ২৫ কিলোমিটার সড়কে কয়েক হাজার ডোবা নালার সৃষ্টি হওয়ায় গোটা সড়ক এখন চোরাবালিতে পরিণত হয়েছে। চালকদের চোখ ফাঁকি দিয়ে যেখানে সেখানে যানবাহনের চাকা বসে যাচ্ছে। বিকল হচ্ছে গাড়ি, আতঙ্কে থাকছে যাত্রীরা। খানাখন্দে পূর্ণ এ সড়কটি পদ্মার ঢেউকে স্মরণ করিয়ে দেয় যাত্রীদেরকে। নৌকার মত দুলতে থাকে গাড়ি। বর্ষা মৌসুমে দুর্ভোগ ও ঝুঁকি বেড়েছে অনেক বেশি। বর্তমান সরকারের তরফ থেকে এ সড়কটি উন্নয়নের ঘোষণা থাকলেও তা বাস্তবে রূপায়িত হয়নি। ঘোষণা অনুযায়ী সাইনবোর্ড থেকে বগী পর্যন্ত ৫৩ কিঃমিঃ রাস্তার কাজ গত ফেব্রুয়ারি মাসে শুরু হবার কথা। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কটির উন্নয়নের কাজ শুরু হলেও তার গতি খুবই ক্ষীণ। শরণখোলা থেকে প্রতিদিন ১০টি দূরপাল্লার পরিবহন ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে ও মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে প্রতিদিন ৩০/৩৫টি লোকাল বাস চলাচল করে। তাছাড়া মোরেলগঞ্জ-বাগেরহাট ভায়া সাইনবোর্ড ও পিরোজপুরের উদ্দেশ্যে প্রায় শত শত বাস, ট্রাক, মিনিবাস টেম্পু, মোটর সাইকেল চলাচল করে। সড়কের দুর্দশার কারণে পরিবহন, যাত্রীসহ যানবাহনের প্রাণ এখন ওষ্ঠাগত।