ভাঙ্গুড়ায় মসজিদের সম্পত্তি নিয়ে সংঘর্ষ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৬
গত সোমবার বিকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের গদাই রূপসী গ্রামের শত বছরের মসজিদের কয়েক কোটি টাকার সম্পত্তিকে কেন্দ্র করে কমিটির সদস্যদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৭ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর জখম ১১ জনকে উপজেলা স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দেয়ায় উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ ও ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুলসহ আওয়ামী লীগ-বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সোমবার দুপুরে মসজিদ প্রাঙ্গণে সালিশে নিষ্পত্তি করতে না পেরে তারা উঠে যাওয়ার পর উভয় পক্ষ লাঠি-সোটা নিয়ে মারামারি শুরু করে। খবর পেয়ে গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পরস্পরকে আক্রমণ ছাড়াও ইট-পাটকেল নিক্ষেপ করে। অবস্থা বেগতিক দেখে উপজেলা চেয়ারম্যান পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা জানান, একশ’ বছরের পুরনো এই মসজিদের চারটি বড় পুকুরসহ ৪৫ বিঘা জমি রয়েছে। ১৯৬৭ সাল থেকে এটি ওয়াকফ স্টেট সম্পত্তি। এর আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। ইউএনও মুহাম্মদ আসাদুল হক বলেন, মসজিদের সমস্ত সম্পত্তি ওয়াকফ স্টেটের হওয়া সত্ত্বেও মামলাজনিত কারণে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারছেন না।