কিশোরগঞ্জ-ঢাকা রুটে গতকাল মঙ্গলবার সকাল থেকে মহাখালী বাস টার্মিনালগামী সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের কোন বাস ছেড়ে যায়নি। জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এই সিদ্ধান্ত গ্রহণ করে। ৮ সেপ্টেম্বর থেকে বাস মালিকরা জেলার করিমগঞ্জের চামটা বন্দর থেকেও মহাখালীগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে বন্ধ হয় তাড়াইল-টু-ঢাকাগামী সকল বাস। মহাখালী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের ব্যাপক চাঁদাবাজি, কিশোরগঞ্জ জেলার বাস মহাখালী বাস টার্মিনালে ঢুকতে না দেয়া, তাদের সিদ্ধান্ত মোতাবেক বাসে ড্রাইভারসহ অদক্ষ শ্রমিক নিয়োগে বাধ্য করা, জোরপূর্বক মোবাইল-অর্থ ছিনিয়ে নেয়া ইত্যাদির প্রতিবাদে বাস মালিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে।
