পাথরঘাটায় বাবার হাতে শিশু খুন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
সোমবার ভোর রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের পাষণ্ড বাবা তার দেড় বছরের শিশু পুত্রকে হত্যা করে পালিয়েছে। চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ভোররাতে বনি আমিন তার শিশু পুত্র রাব্বীকে মসলা বাটা পুতা দিয়ে মাথা চূর্ণ-বিচূর্ণ করে হত্যা করেছে। নিহত রাব্বীর মা রুনু বেগম জানান, তিনি ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী ঘর থেকে পালিয়ে যাচ্ছে, আর তার পাশেই তাদের একমাত্র শিশুপুত্রের লাশ পড়ে আছে। এলাকাবাসী জানান, গত ৪ বছর আগে বনি আমিনের সাথে একই উপজেলার জ্ঞানপাড়া গ্রামের রুনু বেগমের বিয়ে হয়েছে। রাব্বীই ছিল তাদের একমাত্র পুত্র সন্তান। তারা আরো জানান, বনি আমিন কোন কাজকর্ম করত না। বখাটেপনাই হচ্ছে তার প্রধান কাজ। বনি আমিনের বখাটেপনা নিয়ে তাদের পরিবারে অশান্তি বিরাজ করছে। রবিবার এনিয়ে তার মা হাসিনা বেগমকেও বনি আমিন মারধর করেছে। পাথরঘাটা থানার ওসি নূরুল হক জানান, এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।