রূপগঞ্জে সড়ক অবরোধ নির্বিচারে গাড়ি ভাংচুর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অবরোধ চলাকালে দুই শতাধিক যানবাহন ভাংচুর করা হয়। এসময় পুলিশের লাঠিপেটায় ১১ নেতাকর্মী আহত হন। এ সময় পরিবহনের যাত্রী, চালক ও কনট্রাক্টরের টাকা, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে আনোয়ার পারভেজ টিপু, আজিম খন্দকার, আবুল কালাম, আবু সালাম, রনি, দুর্জয়, শান্তকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উপজেলা ছাত্রলীগের ভেঙে দেয়া কমিটির সভাপতি মাসুম চৌধুরী অপু, ছাত্রলীগে নেতা হামজালা ও আবদুল্লাকে আটক করলেও ২ ঘন্টা পর পুলিশ তাদের ছেড়ে দেয়। রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট, আধুরিয়া, পোনাব, কেশাব, কালাদী, কাঞ্চন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর ১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই তাণ্ডব চালায়। পুলিশ অবরোধকারীদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অবরোধকারীদের লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাইপাস সড়ক ও মহাসড়কের উভয়দিকে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এসময় শীতলক্ষ্যা নদীতে ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর।