চাঁদপুরে মেঘনার ভয়াবহ ভাঙ্গন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
প্রতিবছর লাখ লাখ টাকা সংস্কার ব্যয় করা সত্ত্বেও আবারও চাঁদপুর শহর রক্ষা বাঁধে মেঘনার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। মঙ্গলবার ভোর থেকে শহরের পুরানবাজার ব্যবসা কেন্দ্র এলাকায় প্রায় দেড়শ’ মিটার জুড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সময় তীর এলাকার হরিবিলা সাহারবাড়ীর ৪/৫টি বসতঘরও তলিয়ে যায়। এলাকাবাসী ভাঙ্গন আতংকে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে। ১০/১২বছর পর আবারও চাঁদপুরের পুরানবাজারের ব্যবসা কেন্দ্রে মেঘনার ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। যদিও ভাঙ্গনরোধে ইতোমধ্যে শত কোটি টাকার কাজসম্পন্ন হয়েছে। এসব কাজ তদারকি বা সংরক্ষণের জন্য প্রতিবছর লাখ লাখ টাকা বরাদ্দ থাকে। অভিযোগ রয়েছে এসব বরাদ্দের টাকা ঠিকমত কাজে না লাগিয়ে বিল-ভাউচারে কাজ দেখানো হয়। কাজ না করাতে আবারও এ ভাঙ্গন। চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল ঘোষ জানান, শহররক্ষার সংরক্ষণ কাজ ঠিকমত হলে এ ভাঙ্গন দেখা দিতো না। তিনি জরুরি ভিত্তিতে এ ভাঙ্গনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, শহররক্ষা বাঁধ সংস্কারের জন্য প্রতিবছর লাখ টাকা বরাদ্দ মিলে, তা সঠিকভাবে কাজে লাগানো হয়। পুরানবাজারের ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও টেক্স ব্যাগ ফেলা হচ্ছে। তবে এটা সম্পূর্ণ অস্থায়ী প্রতিরোধ। চাঁদপুরের মেঘনায় ট্রলার ডুবিতে এক শিশু নিহত চাঁদপুরের মেঘনার মতলব উত্তর আমিরাবাজ এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ২০/২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলগামী একটি ট্রলার ডুবে রাকিব (৮) নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। এঘটনায় আঁখি আক্তার (৯) নামে এক ছাত্রী নিখোঁজ হয়। বাকিদের জেলেরা নদী থেকে উদ্ধার করে। জানা যায়, মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ছোট চরকালিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে ছাত্র-ছাত্রীরা নদীর ওপারে আমিরাবাজ এলাকায় একটি স্কুলে যাওয়ার সময় নদী পার হতে গিয়ে ট্রলারটি উল্টে যায়।