শুরু হয়েছে কানাডা প্রবাসী শিল্পী সৈয়দ ইকবালের ‘রং উত্স হূদয়’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। দীর্ঘদিনের চর্চা ও সাধনায় সৈয়দ ইকবাল চিত্রকলার অভিযাত্রায় যে বৈশিষ্ট্য ও চিত্রশৈলী আয়ত্ত করেছেন, এই প্রদর্শনীতে তা ধীশক্তি নিয়ে উন্মোচিত হয়েছে। তার ছবি একদিকে যেমন কাব্যগুণসমৃদ্ধ অন্যদিতে তেমনি সমকালীন জীবন-যন্ত্রণাসিক্ত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে দশ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাসেম খান। প্রদর্শনীতে মোট ৪৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পযর্ন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনী শেষ হবে ১৯ সেপ্টেম্বর। প্রকৃতির কান্না সিরিজের চিত্রগুচ্ছে সৈয়দ ইকবাল নিসর্গকে নির্বিচারে ধ্বংস ও ভারসম্য বিনষ্টের এক প্রতিবাদী শিল্পী। এই চিত্রগুচ্ছে প্রকৃতির জীবনদায়ী অনুষঙ্গ, কষ্ট ও বেদনাকে তিনি পরম মমতায় মূর্ত করেছেন। অন্যদিকে কিছু চিত্রে তিনি প্রকৃতির সৌন্দর্য অঙ্কনে নবমাত্রা সঞ্চার করেছেন। ব্যতিক্রমী নিসর্গচেতনা এবং রং ব্যবহারের মুনশিয়ানা ইকবালের ছবিতে এক মনোগ্রাহী আবেগ সঞ্চার করেছে।
শিল্পী সৈয়দ ইকবালের জন্ম ১৯৫৩ সালে, চট্টগ্রামে। তিনি ১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনার প্লেট গ্রাফিক এন্ড আর্ট কলেজ থেকে চারুকলায় ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এ পর্যন্ত তার ১৪টি একক প্রদর্শনী ও ৫টি দ্বৈত প্রদর্শনী আয়োজিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত মিজ হিদার ক্রুডেন এবং নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আরো উপস্থিত ছিলেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আটস এর পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ।
