যশোরের অপহূত ব্যবসায়ী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
যশোরে অপহূত ব্যবসায়ী নূর মোহাম্মদ বিশ্বাসকে গত সোমবার রাতে র্যাব ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে। এ সময় চার অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। র্যাব-৪ এ অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গত রবিবার যশোরের মোহাম্মদ ট্রেডার্সের মালিক নূর মোহাম্মদ বিশ্বাস একটি বাসে ঢাকায় পৌঁছানোর পর মিরপুরের মাজার রোড থেকে ডিবি পরিচয় একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা শ্যামলীর একটি পাঁচতলা বাড়িতে নূর মোহাম্মদকে আটকে রাখে। সেখানে তাকে মারধর করে। পরে অপহরণকারীরা নূর মোহাম্মদের মোবাইল দিয়ে তার ছেলে আরাফাতের কাছে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে। সোমবার সকালে আরাফাত তার পিতার মুক্তিপণের জন্য আড়াই লাখ টাকা এসএ পরিবহনে পাঠিয়ে দিয়ে ঢাকায় রওনা দেয়। একই দিন সন্ধ্যায় অপহরণকারীরা একটি রিকশায় করে নূর মোহাম্মদকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। এ সময় নূর মোহাম্মদ র্যাবের একটি গাড়ি দেখে চিত্কার করে রিকশা থেকে লাফ দিলে অপহরণকারীরা পালিয়ে যায়। র্যাব নূর মোহাম্মদকে উদ্ধার করে। পরে নূর মোহাম্মদের কাছ থেকে তথ্য নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচক্করে এসএ পরিবহনে অবস্থান নেয়। অপহরণকারীরা টাকা তোলার জন্য এসএ পরিবহনে আসলে র্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, হুমায়ন কবির (৪১), আশরাফুজ্জামান (৪৪), সৈয়দ মোঃ সেলিম (৩২) ও নান্নু মিয়া (৫১)।