ফেলানী হত্যার রায় প্রহসন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৪
বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী হত্যার বিচারকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ফেলানী হত্যার সুষ্ঠু বিচার হয়নি। এর ফলে সীমান্তে হত্যা ও অপরাধ সংঘটনে বিএসএফ জওয়ানরা আরো উত্সাহিত হবে। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএসএফ যে কাজটি করেছে সেটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লংঘন। এধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বিষয়টির দ্রুত মীমাংসা হওয়া উচিত। পরে ড. মিজানুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা মানবাধিকার ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম আয়োজিত ‘সামাজিক বিপর্যয় ও মানবাধিকার লংঘন প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। মানবাধিকার ফোরামের আহ্বায়ক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।