লন্ডনে বৈঠক করেও যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি হয়নি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
১০ দিনেও কোনো সুরাহা না হওয়ায় কমিটি ছাড়াই লন্ডন থেকে ফিরছেন যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান। দফায় দফায় বৈঠক করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গিয়াস আহমেদ ও জিল্লুর রহমানের মধ্যে ঐকমত্য না হওয়ায় কমিটি না করেই তাদের বিদায় দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্বের কোন্দল নিরসন ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান দুই গ্রুপের দুজন করে চার নেতাকে তলব করেছিলেন। ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার ছাড়া অন্য তিনজন গত ৩০ আগস্ট লন্ডন যান। সেখানে কমপক্ষে ছয়বার তারা বৈঠকে বসেন। এসব বৈঠকে তারেক রহমান একটি সমন্বিত কমিটি গঠনের উদ্যোগ নেন। একাধিক সূত্র জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ঐকমত্য না হওয়ায় তারেক রহমান বিকল্প নেতা খুঁজছেন। ভালো কাউকে পাওয়া গেলে তিনি কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাবেন। সেক্ষেত্রে গিয়াস ও জিল্লুরের মধ্যে একজন বাদ পড়তে পারেন। সাংগঠনিক নিয়ম অনুযায়ী দলের মহাসচিব কমিটি অনুমোদন দিলেও সবকিছু এখন নির্ভর করছে তারেক রহমানের ওপর।