দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য চাই সরকারের ধারাবাহিকতা :জয়

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে সরকারের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, নীতির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ‘নিশ্চিতভাবেই’ মধ্যম আয়ের দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। গতকাল সজীব ওয়াজেদ জয় তার নিজের ফেসবুক ফ্যান পেইজে এক পোস্টে এ কথা বলেন। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দিলেই এই ধারা অব্যাহত রাখা সম্ভব। আওয়ামী লীগ বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের আট ধাপ অগ্রগতির খবরে জয়ের এই প্রতিক্রিয়া এলো। সোমবার প্রকাশিত গ্লোবাল কমপিটেটিভ ইনডেক্স অনুযায়ী, ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০। জয় তার পোস্টে বলেন, বাংলাদেশ উন্নয়নের আরেকটি ধাপ অর্জন করল আজ। বিশ্ব প্রতিযোগিতামূলক সূচকে (গ্লোবাল কমপিটেটিভ ইনডেক্স) বাংলাদেশ আটটি ধাপ এগিয়ে গেলো আজ। দেশের মানুষের মাথাপিছু গড় আয় ১ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার বিষয়টিকেও বাংলাদেশের জন্য একটি ‘বড় মাইলফলক’ বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের যথাযথ নীতির কারণে। বাংলাদেশে এর আগে কখনোই এতো দ্রুতগতিতে উন্নয়ন হয়নি।