নরওয়ের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী জোটের জয়

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৮
এর্না সোলবার্গের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী চারদলীয় বিরোধী জোট নরওয়ের জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন লেবার দলীয় প্রধানমন্ত্রী জিন স্টোলেনবার্গ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের এ জয়কে ডানপন্থী দলগুলোর জন্য এক ঐতিহাসিক ‘বিজয়’ বলে অভিহিত করেছেন সোলবার্গ। খবর বিবিসির। অভিবাসন-বিরোধী প্রোগ্রেস পার্টিকে সঙ্গে নিয়ে সোলবার্গের কনজারভেটিভ পার্টি দেশের পরবর্তী সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। ডান চরমপন্থী আন্ডারস ব্রেইভিক ২০১১ সালে বোমা হামলা ও গুলিবর্ষণ করে ৭৭ জনকে খুন করার পর এটিই নরওয়ের প্রথম জাতীয় নির্বাচন। নির্বাচনে পরাজিত লেবার পার্টির যুব শিবিরে হামলা চালিয়েছিলেন ব্রেইভিক। নিহতদের প্রায় সবাই লেবার পার্টির তরুণ সদস্য ছিল। বিজয়ী জোটের অন্যতম শরীক প্রোগ্রেস পার্টির সাবেক সদস্য ছিলেন ব্রেইভিক। আগামী মাসে জাতীয় বাজেট পেশ করার পর পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টোলেনবার্গ। নির্বাচনে জয়ী সোলবার্গকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ৫২ বছর বয়সী সোলবার্গ নরওয়ের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন স্টোলেনবার্গ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা শেষে নরওয়ে পার্লামেন্টের ১৬৯ আসনের মধ্যে মধ্য-ডানপন্থীরা ৯৬টি আসনে জয় পায়।