নির্বাচিত সংসদ সদস্যরা যেন সর্বোচ্চ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন সে জন্য আইন সংশোধনের সুপারিশ করেছে জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ সচিবালয় জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চলতি নবম সংসদের ১৯তম অধিবেশনে এ সংক্রান্ত বিল পাস করা হতে পারে।
গত সোমবার জাতীয় সংসদ ভবনে খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সকল সদস্য একমত হয়ে বিদ্যমান আইন সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেছে। এদিকে কমিটি বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের ডাটাবেজ তৈরির কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত শেষ করার সুপারিশ করেছে।
কোন সরকারি কর্মকর্তা যেন পদোন্নতি বঞ্চিত না হন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। অপরদিকে বৈঠকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের আপগ্রেড করা পদের বেতন স্কেল পাওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। তাছাড়া বিবিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সার্ভিসকে ভেকেশন ডিপার্টমেন্টে রেখেই কর্মকালীন সময়ে নন ভেকেশনের ছুটির সুবিধা প্রদানের জন্য সুপারিশ প্রদান করা হয়। কমিটির সদস্য মো. বরকত উল্লাহ বুলু, এইচ এন আশিকুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং জাহানারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
