জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার, সংসদ, মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীকে পদে বহাল রেখে নির্বাচন প্রতিহত করা হবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে পদদলিত করে দলীয় স্বার্থ হাসিল করতে প্রহসনের নির্বাচন করতে চায়। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে।
তিনি বলেন, সংসদ বহাল রেখে সংসদ নির্বাচন অসাংবিধানিক। জনগণ এ অসাংবিধানিক নির্বাচন প্রতিহত করবে। জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।
তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও আলেমদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি
