বেসিস এবং গুগল বিজনেস গ্রুপের সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:০২
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও গুগল বিজনেস গ্রুপের যৌথ উদ্যোগে বেসিস অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকার টেক কমিউনিটি’ শীর্ষক একটি সেমিনার। সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য দেন বেসিস সভাপতি শামীম আহসান, গুগলের বাংলাদেশ কান্ট্রি কনসাল্টেন্ট কাজী মনিরুল কবির, গুগল দক্ষিণ এশিয়ার আউটরিচ ও কমিউনিটি ম্যানেজার হাদী ওথমান, মোবাইল মানডে ঢাকার সংগঠক মাশরুর হান্নান, বিডি টেক সোশ্যালের কমিউনিটি ম্যানেজার ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক সামাদ মিরালি, সেতু.ওআরজি’র হুমায়ুন কবির অলিভ এবং স্টার্টআপ ঢাকার প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর খান। অনুষ্ঠানের শুরুতে জিবিজি ব্যবস্থাপক ন্যাশ ইসলাম, রিয়াদ হোসেন ও সালমান হোসেন জিবিজি’র চলমান কার্যক্রম তুলে ধরেন। বেসিস সভাপতি শামীম আহসান তার বক্তব্যে জিবিজি’র চলমান উদ্যোগকে সাধুবাদ জানান এবং বেসিসের আগামী এক বছরের কার্যক্রম পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন। হাদী ওথমান গুগলের বিশ্বব্যাপী প্রচারবিষয়ক অনুষ্ঠানগুলো নিয়ে আলোচনা করেন এবং কাজী মনিরুল কবির তার বক্তব্যে সামপ্রতিক সময়ে ঢাকায় গুগলের বিভিন্ন উদ্যোগের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।