সম্প্রতি বাংলাদেশি প্রোগ্রামারদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড টু উইন’ ঢাকার কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়। সেতুর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ইনফিনিটি’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে সেতুর পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মাইকেল হার্কার। দেশি প্রোগ্রামারদের আন্তর্জাতিক মানের প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের উত্সাহ প্রদান, তাদের দক্ষতা এবং সৃজনশীলতা উন্নয়নের জন্য সেতুর পক্ষ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে সেতুর সিইও সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রোগ্রামাররা ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে শক্ত অবস্থান তৈরি করে তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় যদি তারা বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে।’ উল্লেখ্য, দেশের মেধাবী প্রজন্মকে সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল সহযোগিতা করে যাচ্ছে সেতু।
