পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাবনা জেলা ইউনিট। তারা আগামী রবিবার থেকে তিনদিনের কালোব্যাজ ধারণের কর্মসূচি দিয়েছেন।
বিক্ষুব্ধ শিক্ষক সমাজ: গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীর হাতে যদি মানুষ গড়ার কারিগরেরা লাঞ্ছিত হয়, সেখানে বলার কিছু নেই। তারা বলেন, কলেজের সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা যদি অবহেলা করে, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পাবনা সরকারি কলেজের শিক্ষক প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক নুর এ আলম, সরকারি শহীদ বুলবুল কলেজের শিক্ষক কামরুজ্জামান শাহীনসহ আরও অনেকে। সমাবেশে দেড় শতাধিক সরকারি কলেজ শিক্ষক উপস্থিত ছিলেন।
