সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরটি গত ১ মাস যাবত্ দু’ফুট পানির নিচে। ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ ভরাট হয়ে পড়ায়, বৃষ্টির পানি নিষ্কাশনের অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে, ভুগতে হচ্ছে জনগণকে। ৩৪৪ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট তালা উপজেলার বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসা সরকারি সেবা প্রত্যাশী সাধারণ মানুষ উপজেলা পরিষদ চত্বরের এই করুণ চিত্র দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন। শুধু উপজেলা পরিষদ চত্বরই নয়, বৃষ্টিতে এলাকার আরো অনেক স্থানেই জমে গেছে পানি এবং সেই পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতা সমস্যায় দীর্ঘদিন যাবত্ ভুগতে হচ্ছে এলাকার মানুষকে। তাদের একটাই জিজ্ঞাসা- আমাদের এই জলাবদ্ধতা সমস্যার সমাধান কি কখনই হবে না?
বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকার কপোতাক্ষ নদ পুনঃখনন প্রকল্প গ্রহণ করায় কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধপ্রবণ এলাকার লক্ষ লক্ষ মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে কপোতাক্ষ খনন প্রকল্পের বাস্তবায়ন আজও হচ্ছে না, বিভিন্ন স্থানের জলাবদ্ধতা সমস্যারও তাই সমাধান হচ্ছে না।
