চট্টগ্রামে ‘রাইজার’ সংকটে গ্যাস সংযোগ বন্ধ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগ চালুর দুই মাস পরেও সংযোগ পাচ্ছে না শহরের একাংশের আবাসিক গ্রাহকরা। রাইজার তোলা নিয়ে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় জটিলতায় এই অচলাবস্থা চলছে বলে সংশ্লিষ্টরা জানান। অথচ শহরের অপর অংশে পুরোদমে নতুন সংযোগ প্রদান চলছে। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় ধীরগতির কারণে গ্রাহকদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস কোম্পানির কার্যক্রম বন্দর নগরীকে উত্তর ও দক্ষিণ দুইভাগ করে চলছে। উত্তর অঞ্চলে নতুন সংযোগ প্রদান চললেও দক্ষিণে বন্ধ রয়েছে। সূত্র জানায়, গ্যাস সংযোগ প্রদানের উপকরণ হচ্ছে রাইজার। কোম্পানির স্টোরে রাইজারসহ সংযোগ প্রদানের অন্যান্য উপকরণগুলো মজুত রয়েছে। ঠিকাদার নিয়োগের মাধ্যমে স্টোর থেকে মালামালগুলো উত্তোলন করে গ্রাহকদের সরবরাহ দিতে হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসব ঠিকাদার নিয়োগ করেন কোম্পানি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, স্টোর থেকে রাইজার উত্তোলনের জন্য গত জুন মাসে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। প্রথম দফায় উত্তর ও দক্ষিণ বিভাগের জন্য মোট ৪ হাজার রাইজার উত্তোলনের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। কিন্তু দক্ষিণ বিভাগের ঠিকাদার নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হলেও পরবর্তীতে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। কিন্তু এখন পর্যন্ত ঠিকাদার নিয়োগ না হওয়ায় নতুন সংযোগ প্রদান করা যাচ্ছে না। এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস কোম্পানির জিএম (অপারেশন) প্রকৌশলী শহীদ আলী ইত্তেফাককে বলেন, ‘দক্ষিণ বিভাগে রাইজার সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলছে। খুব দ্রুত শেষ করা হবে।’ এদিকে উত্তর বিভাগে নতুন গ্যাস সংযোগ প্রদান পুরোদমে চলছে। এ ব্যাপারে উত্তরের ম্যানেজার (সংযোগ) মো. রেজাউল করিম ইত্তেফাককে বলেন, ‘প্রথম দফায় উত্তোলিত রাইজার দিয়ে নতুন সংযোগ প্রদান চলছে। রাইজারের সংকট নেই। দৈনিক ৩০ থেকে ৪০টি সংযোগ দেয়া হচ্ছে।’