এক্স-রে মেশিন অকেজো ১৩ মাস যাবত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি দীর্ঘ ১৩ মাস থেকে অকেজো অবস্থা পড়ে থাকায় চিকিত্সা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে নিম্ন আয়ের পরিবারের রোগীদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাগিদ দিয়েও মেরামত করানো যাচ্ছে না এক্স-রে মেশিনটি। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ২৫ আগস্ট তারিখে এক্স-রে মেশিনটির রেজ্যুলেশন নষ্ট হয়ে অকেজো হয়ে যায়। এরপর থেকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মেশিনটি মেরামতের জন্য পর্যায়ক্রমে চারবার সিএমএসডিতে লিখিতভাবে জানান। এরই প্রেক্ষিতে সিএমএসডি থেকে দুই দফায় টেকনিশিয়ান এসে এক্স-রে মেশিনটি দেখে যন্ত্রাংশ বদলানোর পরামর্শ দিয়ে চলে যান। সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের রোগী যাদের এক্স-রের প্রয়োজন তাদেরকে যেতে হচ্ছে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। এতে অবস্থা সম্পন্ন রোগীদের তেমন সমস্যা না হলেও বিপাকে পড়তে হচ্ছে গরীব রোগীদের। অর্থের অভাবে এক্স-রে করতে না পেরে বাধ্য হয়ে চিকিত্সকের অনুমান নির্ভর চিকিত্সা নিতে হচ্ছে তাদের। স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বিপ্লব বিশ্বাস বলেন, প্রতিদিন গড়ে স্বাস্থ্য কম-প্লেক্সে দুই শতাধিক রোগী বহির্বিভাগে চিকিত্সা নিতে আসে। এদের অনেকেকেই পরীক্ষা-নিরীক্ষার জন্য এক্স-রে করাতে হয়। হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট থাকায় তাদের শহরের ব্যক্তি মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারেই তা করতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমির আলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে যাতে দ্রুত এক্স-রে মেশিনটি মেরামত করা যায়।