খোলা জায়গায় পাঠদান

মদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৫
মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন ঝুঁকিপূর্ণ থাকায় আশ্রয় শিবির কেন্দ্রে খোলা জায়গায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠ কার্যক্রম চলছে। এতে বিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,টি,এম কামরুজ্জামান খান জানান, শ্রেণীকক্ষের অভাবে আশ্রয় শিবির কেন্দ্রে খোলা জায়গায় পাঠদান হচ্ছে। একটু ঝড়-বৃষ্টি হলেই বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়। বিদ্যালয়ে ২৪৭জন ছাত্র-ছাত্রীর জন্য ৬জন শিক্ষক থাকলেও শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে পারছে না। অথচ বিদ্যালয়টি শতভাগ পাসসহ বিগত বছরগুলোতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিসহ পাঠ ক্রমিক কার্যালয়ে উপজেলার মধ্যে অত্যন্ত সুনামের সহিত অর্জন করে আসছে। বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনের তুলনায় শ্রেণীকক্ষ, আসবাবপত্র, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা নেই। বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটি পুরনো ভবনের অবস্থান সম্পর্কে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করলে উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং পুরনো ভবনের ঝুঁকি এড়ানোর জন্য ঝুঁকিপূর্ণ ভবনের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল হক বাঙালি সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।