গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব), সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। উপস্থিত সকলে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যগণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন অসামরিক ও সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
