ভুরুঙ্গামারীতে ভবনের মূল্য ১৫ হাজার টাকা!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৭
৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা কৃষি বিভাগের একটি ভবন মাত্র ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, নেতাদের খুশি রাখতে বোনাস হিসাবে ঐ টাকার সাথে নিলামে দেয়া হয়েছে অর্ধ লক্ষ টাকা মূল্যের ছোট-বড় ১১টি গাছ। আর এ নিলাম নিয়েছেন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জানা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে উপজেলা নার্সারি ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে এটি মাটির গুণাগুণ পরীক্ষাগার হিসাবে ব্যবহূত হয়ে আসছে। সম্প্রতি নতুন করে উপজেলা কৃষি ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হলে, ঐ স্থানে ভবন নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়। এর ফলে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি গোপনে মাত্র ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় গত মঙ্গলবার। গত রবিবার ভবনটি ভেঙ্গে মালামাল সরাতে শুরু করলে এলাকায় গুঞ্জন শুরু হয়। প্রকৌশল বিভাগ ভবনটির মূল্য নির্ধারণ করেছেন ৬০ হাজার টাকা। অভিযোগ রয়েছে এখানেও সমঝোতা করে মূল্য কমিয়ে আনা হয়েছে। এ ব্যাপারে নিলাম কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান জানান, ঐটি উপজেলা পরিষদের ভবন, পরিষদের রেজুলেশনের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে।