যশোর, কুমিল্লার মনোহরগঞ্জ, যশোরের বেনাপোল ও লক্ষ্মীপুরের বেনাপোলে পৃথক ঘটনায় ছয়জন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
যশোর
যশোর টিবি ক্লিনিক এলাকা থেকে গত মঙ্গলবার সকালে পারভীন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শরিফুলের স্ত্রী এবং টুকু শেখের মেয়ে। নিহতের পিতা টুকু শেখ জানান, প্রায় ৩ বছর আগে পারভীনের সাথে শরিফুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরই শরিফুল মালয়েশিয়া চলে যায়। সম্প্রতি শরিফুল মালয়েশিয়া থেকে ফিরে যৌতুকের দাবিতে পারভীনের ওপর নির্যাতনের একপর্যায়ে গত সোমবার পারভীনের মৃত্যু হলে তাকে ঘরে ঝুলিয়ে রেখে শরিফুল পালিয়ে যায়। পারভীনের ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা।
মনোহরগঞ্জ (কুমিল্লা)
কুমিল্লার মনোহরগঞ্জে গত মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে রিয়াজুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাইকতাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে। জানা যায়, ঘরের খুঁটির জন্য পুকুরপাড়ে বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে থাকা কাটা বাঁশ আনতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বেনাপোল (যশোর)
সীমান্তবর্তী উপজেলা শার্শার পল্লীতে গত মঙ্গলবার বিকালে বজ্রপাতে আব্দুল খালেক (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। সে উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের আসমান হোসেনের পুত্র। সে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। ঐদিন সন্ধ্যায় গ্রামবাসী ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।
রায়পুর (লক্ষ্মীপুর)
রায়পুর পৌরসভার পূর্বলাছ এলাকায় গতকাল বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে আবুল হাসেম (৪০) নামে এক কৃষক মারা গেছেন। সে মৃত সিরাজউল্লা মাঝির ছেলে। জানা যায়, ছাগলের জন্য গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে গাছের সাথে থাকা পল্লী বিদ্যুতের ১১ কেভিএ বিদ্যুত্ লাইনের তারে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাউদকান্দি(কুমিল্লা)
গৌরীপুর-মতলব সড়কে দাউদকান্দি উপজেলার মানিককান্দি গ্রাম থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার পরনে ছিল ব্লু প্যান্ট, খয়েরি টিশার্ট ও পায়ে কেডস। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জ
ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকা হতে গতকাল বুধবার সকালে আয়শা মনিকা আক্তার (১৬) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার প্রেমিক হূদয়কে (১৮) আটক করেছে পুলিশ। ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
