সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
মুন্সীগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, কুমিল্লার বুড়িচং, ভোলার চরফ্যাশনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ গত মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়ায় ট্রাকচাপায় শাহাবুদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। গজারিয়া থানার ওসি মো জাহাঙ্গীর হোসেন জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন। ট্রাকটি আটক করা হয়েছে। শাহাবুদ্দিন স্থানীয় চর বাউশিয়া গ্রামের রতন মিয়ার ছেলে। মঠবাড়িয়া (পিরোজপুর) গত মঙ্গলবার বিকালে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক দুলাল শরীফ (৪০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হেমায়েত শরীফের পুত্র। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার চান্দিনায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় করফুলের নেছা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করফুলের নেছা কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বুড়িরপাড় গ্রামের আয়েত আলীর স্ত্রী। মারাত্মক আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন (ভোলা) চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ৫ম শ্রেণির ছাত্রী লাবনী (১১) নিহত হয়েছে। সে পৌরসভা ১নং ওয়ার্ডের ফার্নিচার ব্যবসায়ী জামাল উদ্দিনের মেয়ে। গত মঙ্গলবার দুপুরে স্কুল থেকে চরফ্যাশন বাজারের দোকানে যাওয়ার পথে মোটর সাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চরফ্যাশন থানা পুলিশ মোটর সাইকেলসহ চালক সমির চন্দ্র এবং গাড়ির মালিক জাকিরকে আটক করছে। সে চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বরিশাল নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। মিরসরাই (চট্টগ্রাম) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় গত মঙ্গলবার দুপুরে ট্রাক চাপায় তিনজন নিহত ও একই পরিবারের চারজন আহত হয়েছে। নিহতরা হলেন— নিরঞ্জন জলদাশ (৪৫), অনু জলদাশ (৪৫) ও সিএনজি চালক নূর হোসেন (২৮)। আহতরা হলেন একই পরিবারের বন্দনা জলদাশ (১৬), সাজু জলদাশ (৮) ও সবুজ জলদাশ (৯)। আহতের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনাস্থলেই সবুজ জলদাশের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত সিএনজি চালকের বাড়ি মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লা পাড়ায়। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ছাগলনাইয়া (ফেনী) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মুহুরীগঞ্জে গত মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নাছির উদ্দিন নামে এক বাহরাইনগামী যাত্রী মারা যান। সে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের মনির আহাম্মদের পুত্র। চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সে মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় গতকাল বুধবার সকালে ট্রাকের চাপায় জিহাদ (৭) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পলাতক। সে ফতুল্লার শাসনগাঁও এলাকার উজ্জল মিয়ার ছেলে। মির্জাপুর (টাঙ্গাইল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়ায় গতকাল বুধবার ট্রাক চাপায় নূরজাহান বেগম (৪৫) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি দেওহাটা বেঙ্গল এন কে এফ গার্মেন্টসে কাজ করতেন। সে উপজেলার সোহাগপাড়া গ্রামের বাসিন্দ। পাটগ্রাম (লালমনিরহাট) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি চিলার বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পরে আফাজ উদ্দিন (৬০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সে হাজরা মিয়ার ছেলে ও পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মাথা ও ডান পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।