কুমিল্লায় ডাকাতি মামলায় দুইজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল হোসেন বেপারী গত মঙ্গলবার এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৪ মে রাতে জেলার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের আফাজউদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা আফাজ উদ্দিনের ঘরে প্রবেশ করে ঘরের লোকজনের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়।
এ ঘটনায় আফাজউদ্দিনের ভাই আব্দুল মান্নান বাদি হয়ে চান্দিনা থানায় ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই আ.ফ.ম সোহেল মাহমুদ আদালতে চার্জশীট দাখিল করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে গত মঙ্গলবার আসামি নরসিংদীর পলাশ থানার দড়িরচর গ্রামের মৃত আবুল হাসিমের পুত্র রফিকুল ইসলাম ওরফে নুরুজ্জামান ও একই জেলার শিবপুর থানার কারারচর গ্রামের সুলতান মিয়ার পুত্র সফিক ওরফে আবদুর রাজ্জাককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। মামলার দণ্ডপ্রাপ্ত উভয় আসামি পলাতক রয়েছে।
