মাগুরা, রংপুর, পাবনার সুজানগর, মানিকগঞ্জের শিবালয়সহ পানিতে ডুবে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাগুরা
গত মঙ্গলবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভায়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— কায়জার (৭) ও অমি (৪)। তারা প্রবাসী ওহিদ শেখের পুত্র। গতকাল বুধবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হবে।
রংপুর
মিঠাপুকুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে গত মঙ্গলবার সকালে পানিতে ডুবে জনি (২৪) নামে যুবকের মৃত্যু হয়েছে। চারদিন আগে ঢাকার মিরপুর থেকে উপজেলার গোপালপুর ইউনিয়নের দুর্গামতি গ্রামে সৈয়দ আলী নামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়।
সুজানগর (পাবনা)
পাবনার সুজানগরের উদয়পুর গ্রামে পুকুরের পানিতে ডুবে গত মঙ্গলবার দুপুরে নয়ন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রফিকুল ইসলামের ছেলে।
শিবালয় (মানিকগঞ্জ)
শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের ডোবা থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত (৭৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল লুঙ্গি। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
