পাথরঘাটায় সন্তান হত্যাকারী বাবা গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের সন্তান হত্যাকারী বাবা বনি আমিনকে মঙ্গলবার সকালে পাঘরঘাটা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার ভোররাতে সে তার দেড় বছরের শিশুপুত্রকে হত্যা করে পালিয়েছিল। চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, সোমবার ভোররাতে বনি আমিন তার শিশুপুত্র রাব্বীকে মসলা বাটা পুঁতা দিয়ে মাথা চূর্ণ-বিচূর্ণ করে হত্যা করে। রাব্বীর মা রুনু বেগম জানান, ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী ঘর থেকে পালিয়ে যাচ্ছে, আর তার পাশে তাদের একমাত্র শিশুপুত্রের লাশ পড়ে আছে। এলাকাবাসী জানান, মাদকাসক্ত বনি আমিন কোন কাজকর্ম করে না। বখাটেপনাই ছিল তার মূল কাজ। পাথরঘাটা থানার ওসি নূরুল হক জানান, সোমবারই এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।