ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃষক রমজান হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালত। গতকাল বুধবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর এই রায় ঘোষণা করেন। আদালত অপর ১০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। আদালত মামলার রায়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবিরকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং অপর ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর দুপুরে কৃষক রমজান আলী জমিতে সার দিতে গেলে আসামি হুমায়ুন কবির তাকে ডেকে নিয়ে প্রতিবেশী চাচা জলিলের রান্না ঘরে আটকে মারধর করতে থাকে। রমজানের ডাক-চিত্কার শুনে স্বজনরা এগিয়ে আসে। এসময় আসামিদের খপ্পর থেকে রমজান ছাড়া পেয়ে দৌড়ে নিজ বাড়ির সামনে চলে এলে আসামি জাহাঙ্গীর আলম দেশীয় অস্ত্র দিয়ে রমজানের বুকে আঘাত করে। একই সময় হুমায়ুন কবির দা দিয়ে রমজানের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
