ঢাকা ওয়াসাকে দুভাগ করার সুপারিশ

আপডেট : ১৭ মে ২০১৯, ০০:১৪

ঢাকা সিটি করপোরেশনের মতো ঢাকা ওয়াসাকেও দুই ভাগে ভাগ করতে বলেছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠকে ওয়াসা নিয়ে আলোচনা হয়।

ওয়াসাকে বিভক্ত করা প্রসঙ্গে কমিটির সভাপতি সাবেক প্রধান হুইপ আব্দুস শহীদ জানান, যেহেতু ঢাকা অনেক বড় শহর। সিটি করপোরেশনও দুভাগে বিভক্ত হয়েছে। সব জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কমিটির সদস্যরা এ বিষয়ে মতামত দিয়েছে। মন্ত্রণালয়কে বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে।

তিনি বলেন, সংসদ সচিবালয় আজকের বৈঠকের বিষয়ে ওয়াসাকে আগেই জানিয়েছিল। কিন্তু তারা আসেনি। কেন আসেনি আমরা সেই ব্যাখ্যা চেয়েছি।

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বেশ কিছু প্রকল্পের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় কমিটি অসন্তোষ প্রকাশ করে এবং আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট  দেওয়ার জন্য সুপারিশ করা হয়।