রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রথম বিভাগ ক্রিকেট লীগের খেলোয়াড় আসিফ আলী মামুনের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িল বিশ্বরোডে রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আসিফ আলী মামুন প্রথম বিভাগ ক্রিকেট লিগের নিয়মিত খেলোয়াড়। এছাড়াও তিনি গতকালই যমুনা ফিউচার পার্কে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসাবে যোগ দিয়েছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে নতুন কর্মস্থল যমুনা ফিউচার পার্কে যাওয়ার পথে কুড়িল বিশ্বরোড রেলগেট পার হওয়ার সময় টঙ্গি থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। মামুনের বাড়ি রাজশাহীর ঘোড়ামারায়।
