মৃত্যুবার্ষিকী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
রুমা মতীন (লামিয়া বেগম) ভাষা সংগ্রামী, সাবেক কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুন্সিগঞ্জের এবিএম আবদুল মতীনের স্ত্রী রুমা মতীনের (লামিয়া বেগম) প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ছায়ানটের প্রথম ব্যাচের কৃতী ছাত্রী তিনি। রেডিও টেলিভিশনে তিনি প্রথম গ্রেডের রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছিলেন। তার রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করা হয়েছে। ড. নাজমা জেসমিন চৌধুরী শিক্ষাবিদ, লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের সাবেক শিক্ষিকা ড. নাজমা জেসমিন চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিসহ আজ বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ড. নাজমা জেসমিন চৌধুরী ত্রয়োবিংশ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। স্মারক বক্তৃতা দিবেন লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ। আপন মাহমুদ শূন্য দশকের অকাল প্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। কবিতা ছাড়াও তিনি কিছু গদ্য, ছোটগল্প, ছড়া ও গান লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ সকালের দাঁড়ি কমা। প্রকাশিত হয় ২০১১ সালের অমর একুশে গ্রন্থমেলায়। বাবা আবদুর রব ও মা আনোয়ারা বেগমের চার ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তিনি ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যও ছিলেন। সাইদুর রহমান (ছন্দু মিঞা) মুক্তিযুদ্ধের সংগঠক ও নরসিংদীর রায়পুরা থানার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের (ছন্দু মিঞা) মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার ও স্মৃতি পরিষদের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।