স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এখনো ড্রোন মোতায়েন করার সিদ্ধান্ত নেয়নি। এ ধরনের পরিকল্পনার কথাও আমাদের অফিসিয়ালভাবে জানানো হয়নি। তিনি বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। তারা দেশের অভ্যন্তরে যা খুশি করতে পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব কোনভাবে বিনষ্ট করবে না।
গতকাল বুধবার বরিশালের মেহেন্দীগঞ্জের কাজিরহাটে নতুন থানার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ হেলিকপ্টারযোগে স্থানীয় একতা ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন। থানা উদ্বোধন শেষে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি বক্তৃতা করেন। প্রসঙ্গত, মেহেন্দীগঞ্জের বিচ্ছিন্ন ভাষানচর, বিদ্যানন্দনপুর, লতা ও আন্ধারমানিক ইউনিয়ন নিয়ে নবগঠিত কাজীরহাট থানা উদ্বোধনের মধ্য দিয়ে বরিশাল জেলায় থানার সংখ্যা দাঁড়ালো ১০টিতে।
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বরিশাল রেঞ্জের ডিআইজি ডা. আব্দুর রহিম, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এহসান উল্লাহ।
দুুপুরে স্থানীয় উদয়পুর হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ভোট চুরির রাজনীতিতে বিশ্বাস করে না। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন হবে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। সেখানে কারো কোন হস্তক্ষেপ থাকবে না।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাইদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে মন্ত্রী উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
