চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে নগর সরকার গঠনের দাবি জানিয়েছেন বর্তমান ও সাবেক মেয়র। গতকাল বুধবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ দাবি জানান বর্তমান মেয়র এম মনজুর আলম ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তারা বলেন, মেয়র হিসেবে তাদের মধ্যে সদিচ্ছার অভাব না থাকলেও চট্টগ্রামের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। এই বাধার জন্য চট্টগ্রামের অনেক উন্নয়ন পরিকল্পনাই তারা বাস্তবায়ন করতে পারেননি। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নগর সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন। গতকাল বুধবার ২০১২-১৩ অর্থ বছরের উন্নয়ন কাজ অবহিত করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে তারা এসব মন্তব্য করেন।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি ২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে চট্টগ্রামের উন্নয়নে আলাদা খাত গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ২০১২-১৩ অর্থ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অবস্থা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
