স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আশা প্রকাশ করে বলেছেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না’র নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাত্ করতে গেলে তিনি একথা বলেন।
প্রতিনিধিদল আগামী সংসদ নির্বাচনকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বর্তমান সংসদের মেয়াদ শেষের দিকে। সকলের প্রত্যাশার কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সংসদ গঠন। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। এক্ষেত্রে সরকারের দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে সহায়তা করা।
স্পিকার আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং গণমাধ্যম সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসময় সংসদ সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
