নির্ধারিত সময়ের দুই মাস পর বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩৮১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৪১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরের জন্য গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন বিসিসির ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার।
প্রতি বছর জুন মাসের মধ্যে বাজেট ঘোষণা করা হলেও এ বছর সিটি নির্বাচন ও নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণের জটিলতার কারণে বিলম্বে বাজেট ঘোষণা করা হয়। ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ বলেন, নতুন বাজেট গত অর্থ বছরের তুলনায় ৫৮ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪২১ টাকা বেশি। বরিশাল সিটি কর্পোরেশনের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজেট।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, নগরীর সর্বত্র নাগরিক সুবিধা দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। ব্যয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বাবদ কোটি টাকার বেশি, রাস্তা-ঘাট মেরামত ও সৌন্দর্যবর্ধনের জন্য ৮ কোটি টাকা, ব্রিজ-কালভার্ট নির্মাণের জন্য ২ কোটি, ড্রেন নির্মাণ ও মেরামত বাবদ ২ কোটি, মসজিদ-মাদ্রাসা ও বিদ্যালয় আধুনিকায়নের লক্ষ্যে ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর বাইরে পূর্বের গৃহীত প্রকল্পের নির্দিষ্ট কয়েকটি মসজিদ ছাড়াও নতুন মসজিদ, মন্দির ও গীর্জা আধুনিকায়নের জন্য আরো দেড় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ সব প্রকল্পের কাজ চলমান বলে মেয়র জানান। মশক নিধনের জন্য কীটনাশক ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি টাকা।
নগর ভবনের তিনটি জোনাল অফিসের ভাড়া বাবদ ৩ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পগুলো ছাড়া যেসব প্রকল্প সিটি কর্পোরেশনের রাজস্ব আয় এবং সরকারি অনুদানে বাস্তবায়ন করা হচ্ছে তা প্রায় সবগুলোই কোটি টাকার নিচের প্রকল্প। ট্রাক টার্মিনাল ও বঙ্গবন্ধু অডিটরিয়াম, নগরীর সৌন্দর্যবর্ধন প্রকল্পসহ অধিকাংশ উন্নয়ন প্রকল্প সরকারি ও বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সাহায্য নির্ভরশীল। এর মধ্যে ৫০ কোটি টাকার একটি প্রকল্পের অনুদান দিচ্ছে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)। ঐ সংস্থার অর্থায়নে নগরীতে পানির লাইন সমপ্রসারণ, পাম্প প্রতিস্থাপন, পাম্প হাউজ রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য আরো ৩৫ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত মেয়র সাংবাদিকদের জানান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ৭তলা সুপার মার্কেট নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
