যুদ্ধাপরাধীদের বাঁচাতেই তথ্যমন্ত্রী ও সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপির ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জাসদ আয়োজিত এক সমাবেশে নেতারা এ অভিযোগ করেন।
সমাবেশে বক্তারা বলেন, লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের যে স্বপ্ন দেখা হচ্ছে, এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এ দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে বদ্ধপরিকর। সমাবেশে বক্তারা অবিলম্বে তথ্যমন্ত্রীর ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক নুরুল আকতার প্রমুখ বক্তব্য রাখেন । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
