গোমস্তাপুর সীমান্তে ৩১ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১১
জেলার গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তের ওপারে ৩১ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি। ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ভারতের ১১৪ ব্যাটালিয়নের টিলাসন ক্যাম্পে বিএসএফ সদস্যরা গত মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করে। ভারত থেকে গরু আনার সময় তাদের আটক করা হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। আটক ৩১ বাংলাদেশিকে ভারতের হবিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।