বাংলাদেশে ধর্ম নিয়ে সংঘর্ষ নেই :মজীনা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২৩
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সবাই ধর্মীয় ভেদাভেদ ভুলে এক সঙ্গে বসবাস করে। যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। তবে এটা কোন ধর্মীয় সংঘর্ষ নয়। শত শত বছর ধরে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে এদেশের মানুষ। গতকাল বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সফরের সময় তিনি আরো বলেন, আমি এখানে মানুষের সামাজিক অবস্থা দেখতে এসেছি। সফরের সময় সকালে তিনি সীমান্ত ঘেঁষা বড়ছড়া কয়লা শুল্ক বন্দর সংলগ্ন জয় বাংলা বাজারে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি উল্লেখ করেন, আমি বাংলাদেশের অনেক জায়গা দেখেছি। কিন্তু এ অঞ্চলের মতো এত সুন্দর জায়গা আর দেখিনি। আমি যেখানেই যাই তাকিয়ে থাকি বাংলাদেশের মানুষের মুখের দিকে। আমি চাই তারা যেন নিরাপদ আবাসন পায়। মা ও শিশুরা যেন পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য সেবা পায়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনা। সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি নজির হোসেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছোবান আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন খা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি গোলাপ মিয়া মাস্টার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সোহেল পাভেজ, বড়ছড়া কয়লা ও চুনাপাথর সমিতির সভাপতি হাজী আলখাছ খন্দকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। পরে দুপুরে তিনি পর্যটন স্পট যাদুকাটা নদী ও বারেক টিলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং সেখানকার সাধারণ শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর দুইটায় হিন্দু সম্প্রদায়ের মহা পুরুষ শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম পরিদর্শন করেন। এর আগে তিনি সকালে স্পিডবোট যোগে টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখেন।