দেওবন্দের ফতোয়া

ইসলামে ছবি তোলা হারাম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২৬
ইসলামে ছবি তোলা হারাম বলে ঘোষণা করেছে ভারতের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসা। মাদ্রাসার উপাচার্য (মোহতামিম) মুফতি আবদুল কাসিম নোমানি এই ফতোয়া দিয়ে বলেছেন, ইসলাম কোনোভাবে ভিডিও বা চিত্রধারণকে স্বীকৃতি দেয় না। এটি পাপ।উল্লেখ্য, সৌদি আরবে ছবি তোলার ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। মক্কা থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল হজের সম্পূর্ণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করে থাকে। খবর এনডিটিভির। ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) টেলিফোনে দেয়া এক প্রতিক্রিয়ায় নোমানি বলেন, ইসলামে ছবি তোলা অবৈধ। কেবল পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরির প্রয়োজনে এটা করা যায়। তিনি বলেন, বিবাহ অনুষ্ঠানে ভিডিও করা এবং তা ভবিষ্যত্ প্রজন্মের জন্য সংরক্ষণ করা ইসলাম সমর্থন করে না। এ বিষয়ে সৌদি আরবের প্রসঙ্গ উল্লেখ করলে মুফতি নোমানি বলেন, সৌদি আরব এমনটি করতে পারলেও তারা এ ধরনের কার্যক্রমকে স্বীকৃতি দেবেন না। ছবি তোলাকে নিজের পছন্দ হিসেবে উল্লেখ করে প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী পেশা হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেন এবং দেওবন্দের ফতোয়া বিভাগ দারুল ইফতার কাছে জানতে চান- ইসলাম এটাকে বৈধতা দেয় কি না। দারুল ইফতা জানায়, ছবি তোলা হারাম এবং পাপ। তোমার উচিত প্রকৌশল বিষয় সংশ্লিষ্ট অন্য কোনো চাকরির সন্ধান করা। মুফতি নোমানি এই ফতোয়ার সঙ্গে একমত পোষণ করেন। অল ইন্ডিয়া মুসলিম ল পারসোনাল বোর্ডের সদস্য মুফতি ইরফান কাদরি রাজ্জাকীও এই ফতোয়ার সঙ্গে একমত। তিনি বলেন, মানুষ এবং জীবজন্তুর ছবি তোলা ইসলামে নিষিদ্ধ। তবে কেউ এটা করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।