চিনি, শুকনো আঙুর, ইঁদুর ও পর্বতের গুহার আশ্রয় তাকে পর্বতের কঠিন শীতের মধ্যেও বাঁচিয়ে রেখেছে। ওজন ২০ কিলোগ্রাম কমে গেছে। এই অবস্থা উরুগুয়ের ৫৮ বছর বয়সী এক নাগরিকের। দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা আন্দিজ থেকে গত রবিবার তাকে উদ্ধার করা হয়েছে!
উরুগুয়ের নাগরিক রাউল ফার্নান্ডো গোমেজ সিরকুনেগুই পর্বতে একটি শীতকাল পার করেছেন। চলতি বছরের মে মাসে আন্দিজ পেরিয়ে চিলি থেকে আর্জেন্টিনা যাচ্ছিলেন তিনি। পথে তার মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে ভেঙ্গে যায়। এরপর পায়ে হেঁটে পর্বত পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন। এক সময় হারিয়ে যান। পর্বতে তুষারের পরিমাণ রেকর্ড করতে গিয়ে তাকে দেখতে পান আর্জেন্টিনার কর্মকর্তারা। তখন তিনি পর্বতের দুই হাজার ৮৪০ মিটার উঁচুতে ছিলেন। আর্জেন্টিনার সান জুয়ানের গভর্নর জোসে লুইস গিওজা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, এটি অলৌকিক ঘটনা। এই বরফের ভেতর এতদিন এভাবে বেঁচে থাকাটা সত্যিই আশ্চর্যজনক। পানি শূন্যতায়ও ভুগছিলেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। -ডেইলি মেইল
