ট্যাবলেটের জন্য ইন্টেলের বে ট্রেইল অ্যাটম চিপ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৬
কম্পিউটারের ক্ষেত্রে অন্যদের চেয়ে যোজন যোজন দূরত্বে এগিয়ে থাকলেও মোবাইল ডিভাইসে নিজেদের আধিপত্য সেভাবে বিস্তার করতে সক্ষম হয়নি চিপ জায়ান্ট ইন্টেল। তাই ট্যাবলেট পিসির মতো মোবাইল ডিভাইসে এআরএম বা কোয়ালকমের মতো চিপ নির্মাতাদেরই জয়জয়কার। তবে বছর দুয়েক হলো এরকম মোবাইল প্ল্যাটফর্মেও নিজেদের বাজারকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ইন্টেল। সেই উদ্দেশ্য পূরণ করতেই এবারে ট্যাবলেট পিসির জন্যই নতুন প্রসেসরের ঘোষণা দিয়েছে ইন্টেল। ‘বে ট্রেইল’ নামের নতুন এই অ্যাটম সিরিজের প্রসেসর বাজারের অন্যান্য ট্যাবলেট প্রসেসরকে পেছনে ফেলার উদ্দেশ্যেই তৈরি করেছে ইন্টেল। গত বছরে পিসির প্রসেসরের জন্য তারা যে ‘থ্রিডি ট্রানজিস্টর’ ব্যবহার করেছিল, একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বে ট্রেইলেও। ফলে লো পাওয়ার ডিভাইসগুলোতে কম বিদ্যুত্ খরচেই অনেক ভালো পারফরম্যান্স পাওয়া যাবে বলেই জানিয়েছে ইন্টেল। এই বৈশিষ্ট্যের জন্যই মূলত এআরএম’র প্রসেসরগুলো অনেক বেশি দক্ষ। ইন্টেলের নতুন এই প্রযুক্তি ব্যবহারের কারণে নতুন এই প্রসেসর এআরএম’র প্রসেসরগুলোর জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ইন্টেল জানিয়েছে, কোয়াড-কোরের নতুন এই প্রসেসর তাদের ট্যাবলেট পিসির জন্য আগের ক্লোভার ট্রেইল প্লাসের তুলনায় দ্বিগুণ কম্পিউটিং গতি এবং তিনগুণ গ্রাফিক্স পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে। শুধু তাই নয়, এতে ব্যবহার করা হয়েছে ‘বার্স্ট টেকনোলজি ২.০’ যা তাপমাত্রার সীমাবদ্ধতাকে অতিক্রম করেই পৃথক পৃথক কাজের জন্য আলাদা করে কর্মদক্ষতা প্রদর্শন করতে সক্ষম। এর বাইরে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও বে ট্রেইলে চালিত ট্যাবলেট পিসিগুলো এগিয়ে থাকবে বলে জানিয়েছে ইন্টেল। একটানা ৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক করতে সক্ষম হবে এই ট্যাবলেটগুলো। আর স্ট্যান্ডবাই টাইম হবে প্রায় ৩ সপ্তাহ। নতুন এই প্রসেসরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে ৬৪-বিট অপারেটিং সিস্টেম সমর্থন। তবে এটি ব্যবহার করে বাজারে আসা প্রথম উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট পিসিগুলো ৬৪-বিট হবে না। আগামী বছরের শুরুতে উইন্ডোজে কিছু আপডেট আসলে তখন এই প্রসেসর ৬৪-বিটের অপারেটিং সিস্টেম ব্যবহারে সক্ষম হবে। র্যাম সমর্থনের ক্ষেত্রে বে ট্রেইল সিঙ্গেল এবং ডুয়াল চ্যানেলে ১০৬৭ মেগাহার্জের এলপিডিডিআর৩ র্যাম এবং সিঙ্গেল চ্যানেলে ১৩৩৩ মেগাহার্জের ডিডিআর৩ এল-আরএস ১৩৩৩ সমর্থন করবে। ফলে বে ট্রেইলের ট্যাবলেট পিসিগুলোতে আরও বেশি শক্তিশালী র্যাম ব্যবহার করার সুযোগ থাকবে। সবমিলিয়ে ট্যাবলেট পিসির জন্য অন্যান্য প্রসেসরগুলোর জন্য ইন্টেলের বে ট্রেইল যথেষ্টই হুমকি হয়ে আসছে বাজারে।