এক বছরে ২০ শতাংশ ব্যবহারকারী বেড়েছে ইয়াহু’র

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৭
মারিসা মেয়ার যেন ইয়াহু’র জন্য আলাদীনের প্রদীপের আলাদীন হয়েই এসেছেন। নানা ধরনের ঝামেলায় যখন ইয়াহু পথ খুঁজে পাচ্ছিল না, তখনই হাল ধরেন গুগল’র এই সাবেক কর্মকর্তা। আর তারপর থেকে নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যান ইয়াহুকে। এক বছর পরে তার ফলাফলও পেয়েছেন হাতে-নাতে। সম্প্রতি মারিসা মেয়ার জানিয়েছেন, এক বছরে ইয়াহু’র ব্যবহারকারী বেড়েছে ২০ শতাংশ। বর্তমানে বিশ্বব্যাপী ৮০০ মিলিয়ন মানুষ ইয়াহু ব্যবহার করে থাকে। এই ৮০০ মিলিয়ন ব্যবহারকারীদের মধ্যে সম্প্রতি ইয়াহু’র কিনে নেওয়া টাম্বলারের ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত করা হয়নি বলেও জানান তিনি। সানফ্রান্সিসকোতে একটি সম্মেলনে এই তথ্য জানান মারিসা। এ সময় ইয়াহু’র সাফল্যের কথা জানাতে তিনি আরও জানান, এক বছরে স্টক মার্কেটে ইয়াহু’র শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সবমিলিয়ে মারিসা মেয়ারকে বর্তমান সময়ের প্রযুক্তি বিশ্বের অন্যতম সফল নেতৃত্ব হিসেবেই মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।