অপারেটিং সিস্টেম হিসেবে এখন পর্যন্ত অন্যতম সফল একটি অপারেটিং সিস্টেম হিসেবেই স্বীকৃত উইন্ডোজ এক্সপি। তবে মাইক্রোসফটের প্রোডাক্ট লাইফ সাইকেলের আওতায় সামনের বছরেই উইন্ডোজ এক্সপি’র জন্য সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় সামনের বছর থেকে এক্সপি’র জন্য আর কোনো সিকিউরিটি আপডেট দিবে না মাইক্রোসফট। ফলে এখনও যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন এবং আরও কিছুদিন ব্যবহার করার চিন্তা করছেন, তারা বেশ সমস্যার মুখেই পড়বেন। অবশ্য উইন্ডোজ এক্সপি এখন আর ইন্টারনেট এক্সপ্লোরারের সর্বশেষ সংস্করণ সমর্থন করে না। আর গত কয়েক বছরে হার্ডওয়্যারে যে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে, তার অনেক সুবিধাও গ্রহণে আর সক্ষম নেই উইন্ডোজ এক্সপি। এর সাথে সাথে যদি সিকিউরিটি আপডেট বন্ধ হয়ে যায়, তাহলে এক্সপি ব্যবহারকারীদের এক্সপি বদলে নেওয়া ছাড়া আর গত্যান্তর থাকবে না।
