পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ ডাচ প্রতিনিধি দলের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৩
বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন নেদারল্যান্ডের প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে এক মতবিনিময় সভায় নেদারল্যান্ডের সফররত ১৯ সদস্যবিশিষ্ট পানি, কৃষি ও খাদ্য বিষয়ক প্রতিনিধিদলের সদস্যরা এ আগ্রহ প্রকাশ করেন। ডিসিসিআই, বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাস এবং নিরোড বিশ্ববিদ্যালয় যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ডিসিসিআই সভাপতি মো. সবুর খানের সভাপতিত্বে ডিসিসিআইয়ের সহ-সভাপতি নেসার মাসুদ খান, আবসার করিম চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সদস্য খায়রুল আনাম এবং বাংলাদেশস্থ নেদারল্যান্ড দূতাবাসের ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল বিষয়ক পরামর্শক মুন্নুজান খানম উপস্থিত ছিলেন। ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক, পাদুকা, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক জাতীয় পণ্য আমদানি করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য নানাবিধ সুবিধা সংবলিত বিনিয়োগ প্যাকেজ গ্রহণ করেছে এবং এ সুযোগ-সুবিধা গ্রহণ করে নেদারল্যান্ডের ব্যবসায়ী উদ্যোক্তাদের আরো বেশি আকারে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশের বিদ্যুত্ ঘাটতি নিরসনে পানিভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন, নবায়নযোগ্য জ্বালানি, বায়ু বিদ্যুত্, অবকাঠামো, পর্যটন, যোগাযোগ, কৃষি ও কৃষিজাত পণ্য এবং ওষুধ ইত্যাদি খাতে ডাচ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নেদারল্যান্ড বাংলাদেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে আসছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিকরণ, পানি ব্যবস্থাপনা সংস্কার সাধন, বন্যা নিয়ন্ত্রণ, পানি বিষয়ক অবকাঠামো এবং মানব সম্পদের দক্ষতা উন্নয়নে নেদারল্যান্ড ভূমিকা রাখতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন তারা।