বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়ানের অধীন জেলার পাঁচবিবি সীমান্তের হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকালে সীমান্ত পারাপারের সময় একজন ভারতীয় ও ১৮ জন বাংলাদেশি কিশোরকে আটক করেছে। তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।
ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আঃ হান্নান জানান, সকালে ভারত থেকে হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। এরা সবাই ভারতে বেড়ানো ও কাজের সন্ধানে বিভিন্ন সময়ে (১৫ দিন থেকে ৪ বছর সময়ের মধ্যে) দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে যায়। ভারতীয় সীমান্ত রক্ষীর হাতে ধরা পড়লে নাবালক হওয়ার কারণে তাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুবায়ন হোমে রাখা হয়। বুধবার রাত ২টায় সুবায়ন হোমের জানালা ভেঙ্গে তারা পালিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
